চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ কন্যা শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওয়াসিম ফিরোজ।
নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশুরা চর চাকলা এলাকার মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ ইমরান আলী
প্রতিনিধিঃ শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ