রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে জামায়াত

  • সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮.৪৪ এএম
  • ১৪ জন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেই প্রার্থী চূড়ান্ত করবে দলটি। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে আজ ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। প্রার্থী দেওয়ার বিষয়টি এ বৈঠকে চূড়ান্ত করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীর বিষয়ে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে জামায়াত ছাড়াও ১১ দলীয় ঐক্যের শীর্ষ কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা হয়। তবে এক্ষেত্রে কোনো সংসদ সদস্যকে প্রার্থী না করার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। ১১ দলীয় ঐক্যের বৈঠকেই জামায়াতের প্রস্তাবিত নাম নিয়ে আলোচনা ও চূড়ান্ত হবে।

এছাড়াও নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এদিকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ভোটগ্রহণের তারিখ ২০ আগস্ট।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24