রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

‘বেশি উইড়েন না, শেষবিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম’

  • সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮.৫৭ এএম
  • ১০ জন

সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাসার প্রধান ফটকের সামনে বাজারের ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপজল ও চিঠি রেখে তাকে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ এসে ব্যাগটি জব্দ করে। শনিবার এ ঘটনা ঘটে। 

হুমকি পাওয়া নেতার নাম ইসমাইল হোসেন মোল্লা। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রাথমিকভাবে প্রচার চালিয়ে আসছেন।

পরিবারের সদস্যরা জানান, ভোর পাঁচটার দিকে বাসার ফটকের সামনে বাজার করার ব্যাগটি প্রথমে দেখতে পান ইসমাইল। ব্যাগে হুমকির চিঠিসহ কাফনের কাপড় ও অন্যান্য জিনিস রাখা ছিল।

চিঠিতে লেখা ছিল, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাইজন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। কারণ, এই জগৎসংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষবিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি- অদৃশ্য মুসাফির।

বিএনপি নেতা ইসমাইল সাংবাদিকদের বলেন, ‘এতদিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি শত্রু আছে।’ তিনি বলেন, কে বা কারা হুমকি দিয়েছে, তা বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পরোয়া করি না। আমি প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়ার আদর্শের সৈনিক। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম। ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধারের ঘটনাটি সিসিটিভি ক্যামেরা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আপাতত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24