দেশের ৬ জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই কৃষক ও শ্রমিক। তারা মাঠে বোরো ধান ও ভুট্টা কাটার কাজ করছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে নওগাঁ, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নাটোরে এসব ঘটনা ঘটে।
নওগাঁে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার অনুকূল চন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্রমিক জুয়েল ও মহাদেবপুর উপজেলার দিলীপ চন্দ্র বর্মণ। এছাড়া আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকার বাসিন্দা।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান কৃষক মো. ইউসুফ আলী (৩৫)। তিনি তিন সন্তানের জনক।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন কৃষক আব্দুর রশিদ (৫৫)।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক মো. ওবাইদুল।
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাগুলো নিশ্চিত করেছে। নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।