যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সঙ্গে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টের সংযোগস্থলের কাছে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অস্ত্রধারী একজন ব্যক্তিকে ঘিরে খবর পাওয়ার পর ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস এর ইউনিফর্মধারী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গোলাগুলির সূত্রপাত হয়।
ঘটনার সময় আশপাশে থাকা সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনতে পান। পরে পুরো এলাকা লকডাউন করা হয় এবং হোয়াইট হাউস ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। সংবাদমাধ্যমের বর্ণনায় জানা যায়, কয়েক ডজন গুলির শব্দ শোনার পর হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়। সিক্রেট সার্ভিস সদস্যরা সবাইকে মাটিতে শুয়ে পড়তে নির্দেশ দেন।
পরবর্তীতে রাইফেলধারী এজেন্টদের নর্থ লন এলাকায় টহল দিতে এবং প্রেস ব্রিফিং রুম ঘিরে রাখতে দেখা যায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের কিছু পরে লকডাউন তুলে নেওয়া হয়।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এদিকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এফবিআই ঘটনাস্থলে রয়েছে এবং সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে। পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা জনসাধারণকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: সিএনএন