এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুভর্তি ডাম্পট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে নাবিল হোসেন (২৮) নামে এক যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি খোকসা উপজেলার কমলাপুর এলাকার জুনাইয়েদ হোসেনের ছেলে। অন্যান্য নিহতদের তথ্য ও পরিচয় এখনো জানা যায়নি।
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, দুর্ঘটনার পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই রাসেল বলেন, দুর্ঘটনার পর যানবাহন দুটি সড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।