সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

  • সময়: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯.০০ এএম
  • ২২ জন

রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। আজ রোববার আদালতে মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানা-এর উপপরিদর্শক অহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার পর চার্জশিট দাখিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজই আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে।

গত ১৯ মে পল্লবীর মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরপর ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দিতে তিনি ঘটনার দায় স্বীকার করেন এবং ঘটনার আগে ইয়াবা সেবনের কথা জানান।

এদিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রামিসা হত্যা মামলার বিচার দ্রুততম সময়ে শেষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, “যত দ্রুত সম্ভব বিচার শেষ করা হবে।”

আইনমন্ত্রী জানান, অতীতে মাগুরার আছিয়া হত্যা মামলায় চার্জশিট দাখিলের পর বিচার শেষ করতে এক মাস সময় লেগেছিল। এছাড়া ১৯৪৮ সালের মুলুক চাঁদ মামলার উদাহরণ টেনে তিনি বলেন, একদিনেও বিচারকাজ সম্পন্ন হওয়ার নজির রয়েছে।

তিনি আরও বলেন, ঈদের ছুটির আগেই চার্জশিট দাখিল করা গেলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের ক্ষেত্রে উচ্চ আদালতে দীর্ঘসূত্রতা কমাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন রামিসা হত্যাকাণ্ডকে “জাতীয় ব্যথা ও জাতীয় লজ্জা” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো জাতি এ ঘটনায় শোকাহত ও ক্ষুব্ধ। সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল প্রতিবেদনের কারণেই জনমত তৈরি হয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর আইন ও পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24