| মোঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ
রোববার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোল উপজেলার ভোলামোড় এলাকার সোহান (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে জিসান ও সোহান আজিপুর ভোলামোড় থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইটকোচকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ডান পাশে সজোরে আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জিসান ও তার সঙ্গে থাকা সোহানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, নিহত জিসান নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি শ্বশুরবাড়ি থেকে তার শ্যালক সোহানকে নিয়ে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।