মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  • সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯.৪৫ এএম
  • ২৪ জন
সংগ্রহীত ছবি

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে ও আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে এবং দুই শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে হাবিবুরের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ হলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদরে ঢাকা চারটি মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের স্ত্রীর কানের দুলসহ বাড়ির স্বর্ণালঙ্কারও লুট হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ডাকাতি শেষে পরিচয় গোপন করতে পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24