ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের লাশ অবশেষে পৌঁছেছে গ্রামের বাড়িতে। কিন্তু যে ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনরা, তা আর জীবিত নয়—চারটি নিথর দেহ হয়ে।
মঙ্গলবার রাত ৯টার দিকে লাশগুলো দেশে পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন হুমাম কাদের চৌধুরী। পরে রাতেই মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত করা হয়। একসঙ্গে চার ভাইয়ের জন্য চার কবর খোঁড়ার দৃশ্য স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। শেষবারের মতো তাদের দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিবার জানায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে ছিলেন চার ভাই। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।
আজ বুধবার সকাল ১১টায় তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চার কবরে দাফন করা হবে।
একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।