বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

  • সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯.৩৭ এএম
  • ১৫ জন
সংগ্রহীত ছবি

চলমান বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ১৭টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এছাড়া আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার কিংবা তারও বেশি বৃষ্টি হতে পারে, যার ফলে নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছু সময় স্থায়ী হতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24