ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে কালীগঞ্জের বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
বারোবাজার হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস বারোবাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেলচালক কাওসার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।