| মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নুর জামে মসজিদে মৃত্য ব্যক্তির জানাজা পূর্ব বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ আবু তাহের।
তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজের পর, বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের শুরুতে অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল ও খতিব সাহেব মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। পরবর্তীতে তাদের আলোচনা শেষ হওয়া মাত্র অত্র মসজিদের মোয়াজ্জিন হাফেজ জামিল হোসেন স্ব- প্রনোদিত হয়ে জয়পুরহাট-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর জনাব ফজলুর রহমান সাঈদ এর নাম ঘোষণা করেন। তিনি বক্তব্য দিতে গেলে উপস্থিত মুসল্লী বৃন্দ তাতে বাধা প্রদান করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত কতিপয় ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইটের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার করতে থাকে। এতে বিএনপি নেতাদের মানক্ষুন্ন হয় বলে জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনও হিংসাংত্মক মনোভাব নিয়ে রাজনীতি করে না। আর আমাদের জড়িয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। এটি আমাদের কোন ব্যক্তিগত বিষয় না। এটা উপস্থিত মুসল্লী বৃন্দের মতের বহিঃ প্রকাশ ছিল। তাই এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঁচবিবি শাখার পক্ষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য আহবান করা হয়। তিনি আরও বলেন, মসজিদ আল্লাহর ঘর । এখানে রাজনীতির উর্ধ্বে থাকা উচিত । ইতোপূর্বে আমরা এই মসজিদকে রাজনীতির উর্ধ্বে রাখার চেষ্টা করেছি । এভাবেই মসজিদ পরিচালিত হয়ে আসছে ।