ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তের দাবি, ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মায়ামিতে চুক্তিতে সই করার কথা রয়েছে রোনালদিনিওর। বর্তমানে বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। চুক্তির বিষয়টি এএফপিকেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
রাভেনায় যোগ দেওয়া নিয়ে রোনালদিনিও বলেন, “আবারও বল পায়ে জাদু দেখানোর অপেক্ষায় আছি। ইগনাজিও চিপ্রিয়ানি ও তার পরিবারের সঙ্গে মিলে নতুন একটি গল্প লিখতে চাই।”
বার্সেলোনার সাবেক এই তারকা আরও বলেন, “ফুটবল সবসময়ই আমার আনন্দের জায়গা। সেই একই উদ্যম নিয়েই রাভেনায় যেতে চাই।”
তবে রাভেনার ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইদা জানিয়েছেন, রোনালদিনিওর নিবন্ধন ক্লাবের হয়ে থাকবে। তিনি বলেন, “সে একজন অসাধারণ ফুটবলার। তার নাম আমাদের সঙ্গে যুক্ত হওয়াটাই বড় প্রাপ্তি। ৪৬ বছর বয়সে সে মাঠে নামবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।”
সবশেষ ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন রোনালদিনিও। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাকে।
আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানে রাভেনার নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।