গ্রিসে অবৈধপথে যাওয়ার সময় ভূমধ্যসাগরে প্রাণ হারানো ১৮ বাংলাদেশির ঘটনায় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার মোহাম্মদ মিকাইল ইসলাম (৫২) সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
সিআইডি জানায়, উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার প্রলোভনে পড়ে মাসুম (ছদ্মনাম) নামে এক যুবক মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় যান। গ্রিসে পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা দাবি করা হয়, যার একটি অংশ আগেই পরিশোধ করা হয়েছিল।
গত ২১ মার্চ লিবিয়া থেকে নৌকায় করে মাসুমসহ ৪৫ জনকে ভূমধ্যসাগর পাড়ি দিতে পাঠানো হয়। প্রতিকূল আবহাওয়া ও খাদ্য-পানির সংকটে সাগরে আটকা পড়ে মাসুমসহ ১৮ বাংলাদেশি মারা যান। জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে সিআইডির মানবপাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট।