শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

  • সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫.২১ পিএম
  • ১০৬ জন

মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার, মৃত্যুর পর কেটেছে অন্তত এক সপ্তাহ।

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু হয়েছে অন্তত সাত থেকে আট দিন আগে।

রবিবার (৩১ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ফ্ল্যাটটি বৃদ্ধার মেয়ের। বাসার পৃথক দুটি কক্ষে মা ও মেয়ে বসবাস করতেন। দীর্ঘ সময় মায়ের কোনো সাড়া না পেয়ে তার মেয়ে একজন নার্সকে ডাকেন। তিনি ধারণা করেছিলেন, মা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। তবে কক্ষে প্রবেশ করে নার্স দেখতে পান, বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন এবং মরদেহে পচন ধরেছে। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা ৯৯৯-এ ফোন করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃদ্ধার মৃত্যু প্রায় এক সপ্তাহ আগে হয়ে থাকতে পারে। তবে তার মেয়ে বিষয়টি বুঝতে পারেননি বলে দাবি করেছেন।

ওসি আরও জানান, মেয়ের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। একই বাসায় থাকা সত্ত্বেও তিনি কোনো দুর্গন্ধ টের পাননি বলে জানিয়েছেন, যা তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের এক ছেলে মোংলা স্থলবন্দরের সচিব এবং আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষক। তারা কেউ মায়ের সঙ্গে থাকতেন না। মায়ের মৃত্যুর খবর পেয়ে শিক্ষক ছেলে ঘটনাস্থলে এলেও অন্য ছেলে উপস্থিত হননি। এছাড়া মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সময় নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24