| মোঃ হুমায়ুন কবির, বিশেষ প্রতিনিধি (ঢাকা)
গণতন্ত্রের বর্তমান চ্যালেঞ্জ, নির্বাচন ব্যবস্থা এবং দ্রব্যমূল্য ও ভোটারদের ভাবনা নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা ও পর্যবেক্ষণমূলক সংস্থা পাবলিক ইন্টেগ্রিটি নেটওয়ার্ক (পাইনেট)-এর উদ্যোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
‘দ্রব্যমূল্য ও ভোটার ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, ভোটারদের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চার সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
গোলটেবিল বৈঠক থেকে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ও দীর্ঘমেয়াদি নীতি গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ভোটারদের আস্থা পুনর্গঠন ও জীবনযাত্রার ব্যয়ের চাপ লাঘব এই দুই বিষয়কে সমান গুরুত্ব না দিলে গণতন্ত্রের সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
আলোচনায় বলা হয়, ভোটারদের বড় একটি অংশ এখন রাজনৈতিক প্রতিশ্রুতি বা বক্তব্যের পরিবর্তে বাস্তব জীবনের সমস্যাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, আয়-ব্যয়ের ভারসাম্য এবং সামাজিক নিরাপত্তা এসব বিষয় ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা রাখছে। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের অভাব ভোটারদের মধ্যে হতাশা ও রাজনৈতিক বিচ্ছিন্নতা বাড়াচ্ছে।
গোলটেবিল বৈঠকে মূল নিবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশাররফ হোসেন।
এছাড়াও আলোচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া, সাবেক সচিব সালেহা আফরোজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম)-এর সহযোগী অধ্যাপক ড. জোবায়ের আহমেদ এবং অপরাজিতা বিডির সম্পাদক আকলিমা ফেরদৌসী।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ক্যাব-এর নির্বাহী কমিটির সদস্য মোহা. শওকত আলী খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সেক্টরাল সিমিলার নারী প্রণয়ন-এর ড. ফেরদৌস আরা খানম (বকুল) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মামুন।
বক্তারা বলেন, কার্যকর ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। ভোটারদের আস্থা পুনর্গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়ানো জরুরি। বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে তারা মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।