ভারত সফরে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে রোববার সাময়িকভাবে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার নাম নিরাপত্তাসংক্রান্ত একটি ‘ওয়াচলিস্টে’ থাকায় অতিরিক্ত যাচাইয়ের জন্য তাকে থামানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম নজরদারি তালিকায় শনাক্ত হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
তবে ইমিগ্রেশনে এই ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
সূত্রের দাবি, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদে বিলম্বের কারণে ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম আগেই অপসারণ করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে সময়মতো হালনাগাদ না হওয়ায় সেটি সক্রিয় ছিল। ফলে বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।
তবে তার নাম কেন ওই ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল এবং কেন সেটি এখনো সক্রিয় ছিল, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ভারত বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।