পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা ফিরছেন নিজ নিজ কর্মস্থলে।
ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির মেয়াদ শেষে রোববার থেকেই রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ও কর্মজীবী মানুষ। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও যানবাহনের চাপ বেড়েছে।
তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই এদিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটাবেন।
গত ২৮ মে দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এ ছুটি ভোগ করেন। তবে অতিরিক্ত ছুটির সমন্বয়ে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হয়েছে চাকরিজীবীদের।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ছিল ঈদুল আজহার সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।