মুম্বাইয়ের জুহুতে চাঞ্চল্যকর ঘটনা। ফুটবল খেলে ফেরার পথে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল বৃষ্টির মতো গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন এই বলিউড তারকা। ইতোমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠছেন অনুরাগীরা।
রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও আহত হয়েছেন টাইগারের চালকসহ দুজন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, এ ঘটনা মুম্বাইজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। টাইগারের গাড়িচালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাত্র ১৮ সেকেন্ডের ওই সিসিটিভি ক্লিপে দেখা যায়, গুলিতে আহত হওয়ার পর গাড়িটির চালক কোনোমতে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। আর হামলাকারীরা আগে থেকেই প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে চড়ে চম্পট দিচ্ছে।ঘটনার পর টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফের দলের পক্ষ থেকে জানানো হয়, ‘টাইগার ঠিক আছেন।

এ ঘটনায় মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার শ্রফ পরিবারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, জুহু থানার আওতাধীন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলছে। কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে কাজ করছেন তদন্তকারীরা।
এদিকে এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তারা এক বিবৃতিতে জানায়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগার তাদের নিশানায় ছিলেন। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদ মাধ্যম।
ঘটনার পর গাড়ি ও রাস্তায় রক্তের দাগ দেখা যায়। এক নারী তখন টাইগারকে উদ্দেশ করে বলেন, ‘জলদি লে কে যাও, টাইগার।’ মূলত আহত চালককে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্যই তিনি এ কথা বলেন। পুলিশ জানিয়েছে, অক্ষত আছেন টাইগার শ্রফ। তবে এই ঘটনায় তার গাড়িচালক ছাড়াও কাছাকাছি থাকা আরও একজন আহত হয়েছেন। বর্তমানে চালক হাসপাতালে চিকিৎসাধীন।