শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আজ

  • সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯.৩১ এএম
  • ২৬ জন

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের পর গঠিত নতুন সরকারের অধীনে এই অধিবেশন বসছে। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

অধিবেশন শুরুর সময় স্পিকারের আসন ফাঁকা রেখে প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করা হবে। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জ্যেষ্ঠ সংসদ-সদস্যের নাম প্রস্তাব করবেন, যিনি সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করবেন। ধারণা করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই দায়িত্ব পেতে পারেন।

তার সভাপতিত্বে প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর সংক্ষিপ্ত বিরতির মধ্যে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন আবার শুরু হবে।

অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশ আইনে পরিণত না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

ট্রেজারি বেঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত থাকবেন দলের জ্যেষ্ঠ নেতারা, যার মধ্যে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদের প্রথম দিনই রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউটের ইঙ্গিত দিয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমান এ বিষয়ে বিরোধী দলের বৈঠকে আলোচনা করেছেন।

এদিকে সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর সংসদ ভবন এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সংসদ ভবনসংলগ্ন কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর গঠিত এই সংসদের ওপর বড় ধরনের সংস্কার বাস্তবায়নের দায়িত্ব রয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক বিষয়গুলো নিয়ে নতুন সংসদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com