| মোঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালাম নামের এক ব্যক্তির বসতবাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল তৈরির সরঞ্জাম নিজ হেফাজতে রেখে ককটেল প্রস্তুত করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
বিস্ফোরণে আহত হন তিনজন। তারা হলেন— বজলুর রহমান (২০), পিতা: নজরুল ইসলাম; মিনহাজ (২২), পিতা: জেনারেল ইসলাম, উভয়েই ফাঁটাপাড়া গ্রামের বাসিন্দা; এবং শুভ (২০), পিতা: রফিজুল ইসলাম, বাড়ি রানীহাটি, সদর উপজেলা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নিহত দুইজনের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।