বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার দ্রুত চালু করা, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয় তিনি উত্থাপন করেছেন। এ সময় দুই নেতা শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে একমত হন, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।
দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, আইসিটি, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং সন্ত্রাসবাদ দমন ও বিনিয়োগসংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়।
যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের দৃঢ় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।
বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগদানের আগ্রহের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।