যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি কার্যত ভেঙে পড়েছে এবং পরিস্থিতি বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তেহরানের গবেষক আলী আকবর দারেইনি।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাগজে-কলমে এখন আর কোনো শান্তি চুক্তি কার্যকর নেই। তার দাবি, উভয় পক্ষের মধ্যে ইতোমধ্যেই সীমিত পরিসরে সংঘাত শুরু হয়েছে এবং মার্কিন বাহিনীর কর্মকাণ্ডে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে।
দারেইনির ভাষ্য অনুযায়ী, পারস্য উপসাগরে জাহাজ চলাচলের জন্য ইরান তিনটি শর্ত আরোপ করেছে। এগুলো হলো—নির্ধারিত নৌপথ ব্যবহার, ইরানের সেবার বিপরীতে নির্ধারিত ফি প্রদান এবং নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন অস্ত্র বা মালামাল বহন না করা।
তিনি দাবি করেন, বর্তমানে প্রতিদিন ২০ থেকে ৩০টি জাহাজ এসব নিয়ম মেনে চলাচল করছে। তবে ইরানের এই নীতিকে বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
ইরানি গবেষক আরও বলেন, মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার মুখে ইরান নিজের তেল রপ্তানি করতে না পারলে অঞ্চলটির অন্য দেশগুলোর তেল রপ্তানিও বাধাগ্রস্ত করতে পারে—এমন অবস্থান তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
সূত্র: আল জাজিরা