রাজধানীর নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরো এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার মিজানুর রহমান (৫৯) কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।
সোমবার বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্র জানায়, পশ্চিম মাটিকাটায় এমপি আব্দুল গফুরের বাসা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় এমপি আব্দুল গফুর বাসাতেই ছিলেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় মিজানুর রহমানকে ৯ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
গত রোববার ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেপ্তার মিজানুর রহমানকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।