বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসি

  • সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১.৫৮ এএম
  • ৪২ জন

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ সময় ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি জানান, সিদ্ধান্তটি নেওয়া তার জন্য ভীষণ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে তিনি বুঝতে পেরেছেন, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত মুহূর্ত।

মেসি লিখেছেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে গিয়ে হৃদয় ভেঙেছে এবং এখনো ভেতর থেকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সময়। আমি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। শুধু গত কয়েক বছরে, যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়—তারও অনেক আগে থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি।’

জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি তুলে ধরে মেসি বলেন, ‘আমি জাতীয় দলে থাকতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজেকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু নেই। এর পাশাপাশি আমার পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।’

আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, মাঠের ভেতর থেকে সমর্থকদের উচ্ছ্বাস তিনি অনেক মিস করবেন। তবে জাতীয় দলকে বাইরে থেকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।।মেসির ভাষায়, ‘এখন আমি আপনাদেরই একজন হয়ে যাব। বাইরে থেকে সবসময় সমর্থন ও উৎসাহ দিয়ে যাব—ভালো সময়ে যেমন, খারাপ সময়েও; বরং খারাপ সময়েই আরও বেশি।’

পরিবারের পাশাপাশি জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মেসি। তাদের সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো সারাজীবন মনে রাখবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

আর্জেন্টিনার হয়ে পাওয়া সাফল্য নিয়েও গর্বিত মেসি। সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। বার্তার শেষে আর্জেন্টিনার প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশ করে মেসি লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দিয়েছেন। চলো আর্জেন্টিনা!’

মেসি জানান, ফাইনালের দুই দিন পর ২১ জুলাই তিনি বিদায়ের ঘোষণাটি লিখেছিলেন। তবে বাবাকে হারানোর পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে চূড়ান্তভাবে নিয়ে নেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24