মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

‘নেইমার আর আগের মতো নেই’— বলছেন জাপানের ফরোয়ার্ড

  • সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬.৩৩ পিএম
  • ১২ জন
জাপানি তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই ও নেইমার

ব্রাজিলকে নিয়ে কেন্তো শিওগাইয়ের মন্তব্যে তুমুল আলোচনা, নেইমারকে ঘিরেও আত্মবিশ্বাসী জাপানি তরুণ।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমার ও সেলেসাওদের নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। নেইমারের বিপক্ষে অতীতের দুর্দান্ত পারফরম্যান্স প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “নেইমার আর আগের সেই অবস্থানে নেই। আমার মনে হয়, এখন আমরা তাকে সামলে নেওয়ার জন্য প্রস্তুত।”

দলের অনুশীলন শেষে জাপানি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন শিওগাই।

ইউরোপে পাড়ি জমানোর আগে কেন্তো শিওগাই জাপানের কেইও ইউনিভার্সিটি ও ইয়োকোহামা এফ মারিনোসের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি জার্মান ক্লাব ভলসবুর্গের সদস্য। গতি, আক্রমণাত্মক মানসিকতা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের কারণে অল্প সময়েই তিনি নজর কেড়েছেন। বিশেষ করে বদলি হিসেবে নেমে কার্যকর ভূমিকা রাখার দক্ষতায় জাতীয় দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ বিকল্পে পরিণত হয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

সাংবাদিকরা যখন জানতে চান, ব্রাজিলের নাম শুনলে প্রথমে কার কথা মনে পড়ে, তখন এক মুহূর্ত দেরি না করে তিনি বলেন, “নেইমার।” তবে বর্তমান ব্রাজিল দল নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন তিনি।

শিওগাই বলেন, “আগে ব্রাজিল অনেক বেশি ভয়ংকর ছিল। এখন আমার কাছে ফ্রান্স এবং আর্জেন্টিনা বেশি শক্তিশালী মনে হয়। সত্যি বলতে, সাম্প্রতিক সময়ে ব্রাজিলকে নিয়ে তেমন আলোচনা শুনি না।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও জাপানি সংবাদমাধ্যমের দাবি, অনেক পোস্টে তার বক্তব্যকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। শিওগাই কোথাও বলেননি যে ব্রাজিল দুর্বল দল। বরং তিনি স্পষ্ট করেছেন, ব্রাজিল এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল এবং তাদের হারাতে পারলে জাপানের আত্মবিশ্বাস আরও বাড়বে।

তার ভাষায়, “ব্রাজিল এখনও শক্তিশালী দল। আমরা যদি তাদের হারাতে পারি, তাহলে সেটা আমাদের দলের আত্মবিশ্বাস ও অগ্রগতির জন্য বড় প্রেরণা হবে।”

নিজেদের রক্ষণভাগের প্রতিও পূর্ণ আস্থা প্রকাশ করেন এই জাপানি ফরোয়ার্ড। অতীতে জাপানের বিপক্ষে নেইমারের দুর্দান্ত গোল করার রেকর্ডের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “ওটা ছিল আগের নেইমার। এখন আমরা তাকে থামানোর জন্য প্রস্তুত।”

জাপানের বিপক্ষে নেইমারের পরিসংখ্যান সত্যিই ঈর্ষণীয়। পাঁচ ম্যাচে তিনি করেছেন নয়টি গোল। তাই আরও একবার জাপানের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান সমর্থকদের নজর থাকবে এই তারকার দিকেই।

হাঁটুর চোটের কারণে চলতি টুর্নামেন্টে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি তাকে বদলি হিসেবে মাঠে নামান। জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এবার শুরু থেকেই একাদশে দেখা যেতে পারে ব্রাজিলের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24