স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হামের চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার দ্রুত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করে ইতোমধ্যে ৯৮ শতাংশ কাভারেজ অর্জন করেছে।
শুক্রবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমিত সময় ও নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে।
পরিস্থিতি খারাপ হলে হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। এর অংশ হিসেবে আগামী মঙ্গলবার ১০ জেলায় নতুন ১০টি আইসিইউ ইউনিট চালু করা হবে, যেখানে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সংযুক্ত থাকবে।
মন্ত্রী আরও বলেন, শিশুদের হামের সংক্রমণ বৃদ্ধির পেছনে পুষ্টিহীনতা বড় কারণ। নিয়মিত ভিটামিন ‘এ’ কর্মসূচি না থাকা, বুকের দুধ কম খাওয়ানো এবং মায়ের পুষ্টির অভাব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। তিনি জানান, শিগগিরই ইউনিসেফের সহযোগিতায় দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু করা হবে।