মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সিদ্ধান্তের ঘোষণা দেয়, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা নির্ধারিত রয়েছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৭২৮ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।
অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গত এপ্রিল মাসে অটোগ্যাসের দামও দুইবার সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। পরে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়।