আজ (২৫ মার্চ) দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অন্যদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চল-এর ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকাল ৭টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের মধ্যে আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।