মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত

  • সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২.২৪ পিএম
  • ১৪ জন

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কয়েকজন সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই ভেনিসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সেখানে বিভিন্ন সময়ে তারা আওয়ামী লীগের পক্ষে সভা-সেমিনারে অংশ নিয়েছেন। কেউ কেউ নিজেকে নেতা হিসেবেও পরিচয় দেন।

তাদের মধ্যে একজন ইলিয়াস মিয়া, যিনি বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া ভিডিওতে বাঁধনকে পানি ছুড়ে মারতে যে ব্যক্তিকে দেখা যায়, তিনি শিপল মাহমুদ বিপ্লব। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ফেসবুক প্রোফাইল ঘেটেও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত করা হয়েছে।

এছাড়া স্থানীয় সূত্র আরো কয়েকজন আওয়ামী কর্মী বাঁধনকে হেনস্তা করেছে বলে নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ভেনিসে যান। হামলাকারীদের অনেককে সে সময় জয়ের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।

ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে দেশটির ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে জানান তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।

মারধরের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাঁধনকে হেনস্তাকারীরা নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এই অভিনেত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সঙ্গে থাকা তার ভাই।

এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখে মুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়; আঘাতে মুখ ফুলে লাল। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুড়ে মেরেছে। আমি একদম ভিজে গেছি। আমার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে। সো এগুলো তারা করেছে।’

বাঁধন আরো বলেন, তারা বলেছে যে আমি জুলাইযোদ্ধা। হ্যাঁ, আমি জুলাইযোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে, তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে। তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।

এই ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়েছেন বাঁধন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24