দেশের ছয় বিভাগে আরো ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
সংস্থাটির দৃষ্টিতে ২৪ ঘণ্টায় দেশের কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে ভারী এবং তারও বেশি অর্থাৎ ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত ধরা হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অতিভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ১৭৯ মিলিমিটার অবিরাম বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে।
সকাল ৬টা পর্যন্ত সারা দেশের মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বৃষ্টি ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। এতে নগরবাসী ও বাইরে থেকে আসা নাগরিকরা পড়েছেন চরম দুর্ভোগে।