বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আ.লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ মিস ইউনিভার্স প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি। তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা। অভিনেতা সোহেল খান আর নেই। ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত। পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা।

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ

  • সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯.১৮ এএম
  • ২৩ জন

দেশের তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বোর্ডের চতুর্থ সভা শেষে বুধবার ভোরে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী। পরে এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে।

বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়। নতুন এই কাঠামোয় গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪-এর মজুরি নির্ধারণে ঐকমত্য না হওয়ায় বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি গ্রেডের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের পর কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে সে ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকার সঙ্গে সমন্বয় করতে হবে।

বেতন বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া মজুরি কাঠামোর সঙ্গে ২০২৬ সালের নতুন ঘোষিত কাঠামোর তুলনা করলে দেখা যায়, তৈরি পোশাক খাতের চারটি গ্রেডেই ৩৬ শতাংশ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের কাঠামোয় যেখানে সাধারণ বা নতুন প্রবেশকারী শ্রমিকদের জন্য সর্বনিম্ন (গ্রেড-৪) মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা, ২০২৬ সালে তা ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে; অর্থাৎ এই গ্রেডে বেতন বেড়েছে ৩৬ শতাংশ।

একইভাবে, দক্ষ ও জ্যেষ্ঠ শ্রমিকদের জন্য নির্ধারিত ওপরের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য হারে মজুরি বেড়েছে। ২০২৩ সালে গ্রেড-৩-এ নিম্নতম মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা, যা নতুন কাঠামোয় ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে ১৯ হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে—শতকরা হিসাবে যা ৪১ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।

গ্রেড-২-এর ক্ষেত্রে পূর্বের ১৪ হাজার ২৭৩ টাকার পরিবর্তে এখন ২০ হাজার টাকা নির্ধারণ করায় বেতন ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ দশমিক ১২ শতাংশ বেড়েছে। আর শতকরা ও টাকার অঙ্কে সবচেয়ে বেশি বেতন বেড়েছে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড-১-এ; এই গ্রেডে পূর্বের ১৫ হাজার ৩৫ টাকার বিপরীতে ৬ হাজার ৪৬৫ টাকা বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় ঠিক ৪৩ শতাংশ বেশি।

সভার সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী, নিরপেক্ষ সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন ও আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ও আনোয়ার হোসাইন।

এ-সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, এত কম সময়ের মধ্যে মজুরি চূড়ান্ত করার ঘটনা নিম্নতম মজুরি বোর্ডের জন্য একটি নতুন মাইলফলক। তিনি বলেন, গত ৪ নভেম্বর থেকে শুরু করে প্রায় তিন সপ্তাহের মধ্যে আমরা চারটি সভা করেছি। বাংলাদেশের নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে এত স্বল্প সময়ে কোনো শিল্প খাতের নিম্নতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ একটি ঐতিহাসিক মাইলফলক। পরম করুণাময়ের রহমত এবং আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনে আমরা মাত্র ২০ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু সর্বনিম্ন অর্থাৎ গ্রেড-৪-এর ক্ষেত্রে বোর্ডের সদস্যরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি গোপন ভোটের ব্যবস্থা করি। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারটি ভোট পড়েছে ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে এবং দুটি ভোট পড়েছে ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে। সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পোশাকশিল্পের শ্রমিকদের গ্রেড-৪-এর নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।

শ্রমিকপক্ষের আপত্তির কারণেই বিলম্ব

নিম্নতম মজুরি বোর্ডের একজন সদস্য আমার দেশ-কে জানান, রাতে মজুরি ১৬ হাজার ৮০০ টাকায় প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সিদ্ধান্তের পরে শ্রমিকপক্ষের প্রতিনিধির আরও ৫০০ টাকা বাড়ানোর চাপে বিষয়টি আটকে যায়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24