মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
অভিনেতা সোহেল খান আর নেই। ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত। পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা। “বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা GTA VI-এর ক্যারেক্টার আর্টিস্ট ছিলেন বাংলাদেশি সালমান রহমান!” খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে। পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক, বড় ধাক্কা খেল ইউরোপীয়রা? পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি টাকা। সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স

  • সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২.০৮ পিএম
  • ১৯ জন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। মঙ্গলবার তার মুখপাত্র রয়টার্সের কাছে এ দাবি করেন।

দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এই প্রথম জানালেন হাসিনা। এর আগে চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের জন্য আবেদন করেছেন বলে দাবি করেছিল রয়টার্স।

রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট দিল্লিতে পালিয়ে যান হাসিনা। এর কয়েক মাস পর তার সব কাগজপত্র বাতিল করা হয়।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কাগজপত্র ফেরত চাওয়ার পাশাপাশি হাসিনা আরেকটি অনুরোধ করেছেন। তিনি চান, বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে তার দেশে ফেরার ব্যবস্থা করুক।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ওই পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করার দায়িত্ব এখন সরকারের।’

রয়টার্স বলছে, বাংলাদেশ সরকারের একজন মুখপাত্রকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। গত রোববার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে বলেন, দেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের দমন-পীড়নে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

তবে সরকার সব সময়ই বলে এসেছে, হাসিনা একজন পলাতক আসামি এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে? আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।’

এরপর ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার।’

পরে ১৪ নভেম্বর আইনমন্ত্রী জানান, হাসিনাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারতের ওপর।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24