ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় যাওয়ার অভিযোগ নিয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার সংসদে আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান বিষয়টি উত্থাপন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।
ঘটনার ব্যাখ্যায় তিনি জানান, বিদেশ থেকে ফেরার পর কক্সবাজারে তাকে অভ্যর্থনা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। বিমানবন্দরে ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে না পারায় সমর্থকেরা তাকে যে গাড়িতে উঠিয়ে দেন, তিনি সেটিতেই যাত্রা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, পরে তিনি জানতে পারেন যে গাড়িটি বহু পুরোনো এবং এ নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তার বাস্তব ভিত্তি নেই। তিনি আরও বলেন, যদি কোনো ভুল হয়ে থাকে, তবে এ জন্য তিনি আগেই জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন।
নিজের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার নিজস্ব চারটি গাড়ি ও চারজন ড্রাইভার রয়েছে। একই সঙ্গে তিনি বিষয়টিকে একটি পুরোনো ও নিষ্পত্তিকৃত ইস্যু উল্লেখ করে এ সংক্রান্ত মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে স্পিকার বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।