মুহিয়ুসু সুন্নাহ মাদ্রাসার মুফতি নূর শহীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বটতলী মন্ডলের হাট এলাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা মুহিয়ুসু সুন্নাহ আব্দুল আজিজ হাফিজি ও কওমি মাদ্রাসায় একটি ভুয়া ‘সরহে বেকায়া’ (দাওরায়ে হাদিসের নিচের স্তর বা কিতাব বিভাগের গুরুত্বপূর্ণ জামাত) সন প্রদানের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল ও কওমি অঙ্গনে তীব্র তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার দায়িত্বশীল মুফতি নূর শহীদ-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নিয়মনীতিকে তোয়াক্কা না করে মনগড়াভাবে ভুয়া সনদপত্র বিতরণের অভিযোগ ওঠে। কোনো ধরনের বৈধ পরীক্ষা, নিয়মিত ক্লাস কিংবা মাদ্রাসার প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রম সম্পন্ন না করেই বিশেষ সুবিধার বিনিময়ে বা খামখেয়ালিপনায় এই সনদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা ও কওমি শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্টরা।
কওমি মাদ্রাসার সনদের একটি নির্দিষ্ট মান ও সুশৃঙ্খল শিক্ষাবোর্ড নির্ধারিত মানদণ্ড রয়েছে। কিন্তু নিয়মের বাইরে গিয়ে এ ধরনের ভুয়া সনদ প্রদান করায় পুরো এলাকার শিক্ষাব্যবস্থা ও মাদ্রাসার সুনাম মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় আলেম-ওলামা ও সচেতন নাগরিক সমাজ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কওমি সনদের পবিত্রতা ও মান রক্ষার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কওমি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হবে।
এ বিষয়ে অভিযুক্ত মুফতি নূর শহীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি