বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার।

  • সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮.৪৭ এএম
  • ২২ জন

লিটন দাসের কাছে ক্রিকেট খেলাটা অফিস করার মতো। কথাটা তিনি নিজেই বলেছিলেন গত বছরের এপ্রিলে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে , ‘আমরা যে কাজ করি (ক্রিকেট খেলা), সেটা তো একটা অফিস, সেখানে দিন কখনো ভালো যাবে, কখনো খারাপ।’

জোহানেসবার্গে আজ যা ঘটেছে, তারপর সেই সাক্ষাৎকারে বলা লিটনের পরের কথাটা বেশ গুরুত্বপূর্ণ, ‘দিন যখন ভালো যায়, বাচ্চাকে দেখলে আরও ভালো লাগে। দিন যদি খারাপও যায়, বাচ্চাকে দেখলে মন ভালো হয়ে যায়।’

লিটনের পরিবার জোহানেসবার্গে নেই। যাওয়ার কথা আছে। আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মেয়ে আনায়ারাকে একটু দেখলে নিশ্চয়ই তাঁর আরও ভালো লাগত। তবে মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করায় দিনটা যে তাঁর ভালো কেটেছে, তাতে সন্দেহ নেই। অন্য ভাষায়, মেয়েকে একটা উপহার দিতে লিটন আসলে চাপ শুষে বাবার দায়িত্বটাই পালন করেছেন।

কীভাবে? সেই প্রশ্নের উত্তরে ফিরতে হয় জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে। লিটন যখন ব্যাটিংয়ে নামলেন সেই সময়টা কি মনে আছে? প্রশ্নটিতে একটু বিরক্তিও জাগতে পারে। সেই ধ্বংস্তূপকে এত দ্রুত ভুলে যাওয়ার কী এমন কারণ থাকতে পারে!

সন্দেহটা হলো, তারপর ২৮৬ মিনিট ক্রিজে থেকে লিটন যে ব্যাটিংটা করলেন—চোখের সেই আরামে কেউ কেউ তো ভুলেও যেতে পারেন; তাই প্রশ্নটি করা।

৩৫তম ওভারে লিটনের খেলা প্রথম বলটি ছিল কাগিসো রাবাদার হ্যাটট্রিক বল। বাংলাদেশের স্কোর তখন ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১২১।

সেঞ্চুরির পর লিটন
সেঞ্চুরির পর লিটনএএফপি

ক্রিজে নামার সময় লিটনের নিশ্চয়ই মনে ছিল, আনায়ারার বয়স আগামীকাল (আজ) তিন বছর পূর্ণ হবে। ওদিকে স্কোরবোর্ডেও অদৃশ্য দাবি উঠেছিল, তাওহিদ হৃদয় ও লিটনের মধ্য থেকে অন্তত একজন কিংবা দুজনকেই আগামীকাল (আজ) পর্যন্ত ক্রিজে থাকতে হবে। তাহলে প্রথম ইনিংসে ভালো একটা ভিত পাবে বাংলাদেশ। বাবা লিটন এবং ব্যাটসম্যান লিটন ঠিক তখন থেকেই মিলেছেন এক মোহনায়। মনোসংযোগ—সেই মোহনার নাম।

চিত্রকরেরা ছবি আঁকার সময় নাকি বাইরের পৃথিবী ভুলে যান। সব মনোযোগ থাকে ক্যানভাসে। লেওনার্দো দা ভিঞ্চি নামে এক ভদ্রলোকের ‘মোনালিসা’ ছবিটিও অমন মনোসংযোগেই আঁকার কথা। সে ছবির সৌন্দর্যের সঙ্গে লিটনের ব্যাটিংয়ের তুলনা দিয়েছিলেন ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। খারাপ করলে সেই তুলনা নিয়ে টিটকারি যেমন হয়, তেমনি লিটনের ভালো একটা ইনিংসে সেই তুলনাও ফিরে আসে। যেমন কাল ও আজ ফিরল। তবে এই ক্যানভাসের মূল কাঠামোটা হয়ে গিয়েছিল কালই ১৩৮ বলে অপরাজিত ৯২ রানে।

সেই মূল কাঠামোয় আছে প্রচণ্ড চাপের মধ্যে দৃঢ়–সংকল্প পরিশ্রমে চুইয়ে পড়া ঘামের সুবাস। মেয়ের জন্য একজন বাবার একটি উপহার বানানোর গল্প।

না, এমন নয় যে সেই উপহার বানাতে লিটন হাড়ভাঙা খাটুনি খেটেছেন। ৮ চারে ৭১ বলে ফিফটি, নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছেন। কিন্তু লিটনের জন্য এই স্বাভাবিক ব্যাটিং ধরে রাখাটাই সম্ভবত সবচেয়ে কঠিন কাজ! কারণ দুর্দান্ত খেলতে খেলতে হুট করেই বাজে শট খেলে আউট হওয়ার ‘বদঅভ্যাস’ তাঁর আছে। সেটার কারণ বোধ হয়, একটি বলে তাঁর কয়েক রকম শট খেলতে পারার আত্মবিশ্বাস। সেটা কখনো দুর্দান্ত, কখনো আবার আত্মঘাতী হয়ে দাঁড়ায়। ইচ্ছায় বা অনিচ্ছায় কাল সেসব পরীক্ষা–নিরীক্ষায় যাওয়ার সুযোগ ছিল না লিটনের। শুধু দলের জন্য খেলা নয়, লিটনকে যে ব্যাট করতে হয়েছে তাঁর মেয়ের জন্যও। আর মেয়ের প্রতি বাবাদের ভালোবাসা যেহেতু সব সময় অন্য উচ্চতার, তাই লিটনকে সেই উপহারের একটি ‘মোড়ক’ও বানাতে হতো।

গতকাল পুল শটগুলো নিচে খেললেও আজ পুলে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নেন লিটন
গতকাল পুল শটগুলো নিচে খেললেও আজ পুলে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নেন লিটনএএফপি

গতকাল শেষ সেশনের শুরুতে ড্যান প্যাটারসনের প্রথম বলে তাঁর ছবির মতো সুন্দর স্ট্রেট ড্রাইভটি তা হতে পারে। হৃদয় ওপাশে দুর্দান্ত খেললেও ধারাভাষ্যকার এটিকেই বলেছিলেন, ‘শট অব দ্য ডে!’

তবে ১৭৯ বলে ১২০ রানের এই ইনিংসে লিটনের নিজের কাছে সেরা শটটি সম্ভবত ওটা নয়।

আরও পড়ুন

 

সেটা আছে মার্কো ইয়ানসেনের করা ৮৮তম ওভারের ছোট গল্পে। লিটন তখন ৯৮ রানে ব্যাট করছিলেন। রান পেলেন না প্রথম চার বলে। পরের বলটি খাটো লেংথের হওয়ায় পুল করলেন। গতকাল সারা দিন খাটো লেংথের বল পুলে নিচে খেলার পর ওটাই সম্ভবত তাঁর প্রথম তুলে মারা পুল। প্রশ্ন উঠতেই পারে, মেয়েকে জন্মদিনে সেঞ্চুরি উপহার দিতে যে বাবাটা আগের দিনও প্রচণ্ড মনোসংযোগী থেকে কোনো ভুল করেননি, সেই বাবাই একদম তীরে দাঁড়িয়ে অমন ঝুঁকি নেন কীভাবে!

প্রথম চার বলে রান না পাওয়ায় লিটন একটু অধৈর্য হয়ে সেঞ্চুরি পেতে ঝুঁকিটা নিয়েছেন—এমন ক্রিকেটীয় যুক্তি অবশ্যই দাঁড় করানো যায়, তবে ওই পরিস্থিতিতে এটাও মনে রাখা জরুরি ৯২ রানে একজন বাবাকে ঘুমাতে যেতে হয়েছে মেয়েকে পরদিন সেঞ্চুরি উপহার দেওয়ার সংকল্প নিয়ে।

লিটনের ব্যাটিং চোখের জন্য আরাম
লিটনের ব্যাটিং চোখের জন্য আরামএএফপি

প্রতিটি মেয়ের জীবনেই তার প্রথম ‘হিরো’ তাঁর বাবা। হিরো বাবারা তো ছক্কা মেরেই মেয়েকে সেঞ্চুরি উপহার দেবেন, তাই না? আজ থেকে অনেক বছর পর আনায়রা যখন এই ইনিংসের অ্যালবামগুলো দেখবে, তখন হয়তো সে এটাই ভাববে। আগেই বলের লাইন–লেংথ বুঝতে পারা লিটন বাবা হিসেবেও কেমন দূরদর্শী!

মেয়ের জন্য এমন ইনিংসের মতো ক্যারিয়ার নিয়েও লিটন আরেকটু ধারাবাহিক হলে লাভটা তাঁরই হতো। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি—যেন অপূর্ণতার গল্প। তার মধ্যে কিছু ছোট ছোট পূর্ণতাও আছে। প্রথম সেঞ্চুরি ২০২১ সালের এই নভেম্বরেই। সেই ইনিংস থেকে এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এটি তাঁর সপ্তম সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি থেকে হিসাব করলে, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেও এ সময়ে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আর কেউ পাননি। সব মিলিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে আছেন যৌথভাবে পঞ্চম স্থানে। যার মধ্যে শেষ ইনিংসটির আরেক নাম হতে পারে ‘আদুরে সেঞ্চুরি।’

আরও পড়ুন

ওই যে ছক্কা মেরে ব্যাটটা এমনভাবে হাতে নাচালেন, বাবারা যেভাবে দু–তিন বছর বয়সী মেয়েকে কোলে নাচায়। তারপর চুমুও খেলেন ব্যাটে, কল্পনায় হয়তো মেয়েকে। পকেট থেকে বের করে সবার সামনে মেলে ধরা কাগজে লেখা ছিল একটা ঘোষণা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’

বাবার কাছ থেকে এমন উপহার আনায়রা আগেও পেয়েছেন। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে করা সেঞ্চুরিটাও মেয়েকে উৎসর্গ করেছিলেন লিটন। সেটার কারণ জানিয়েছিলেন গত ১৬ মে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে, ‘আমার রাজকন্যা আনায়রা দাসকে এই সেঞ্চুরি উৎসর্গ করছি। পূজার এক আচারে সে তার মাকে জিজ্ঞেস করেছিল, কী প্রার্থনা করব? আমার স্ত্রী তাকে বলেছিল, ‘বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো।’ এর পর থেকে সে শুধু ঈশ্বরের কাছে আমার সেঞ্চুরিই চেয়ে এসেছে। আজ ম্যাচের আগে আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিল, ‘বাবা আজ কী করবে?’

মেয়েদের জন্মদিনে সেঞ্চুরির পথে লিটনের শট
মেয়েদের জন্মদিনে সেঞ্চুরির পথে লিটনের শটএএফপি

কোনো কিছু না ভেবেই সে উত্তর দিয়েছিল—‘সেঞ্চুরি।’ সে টিভিতে ম্যাচটিও দেখেছে এবং হেলমেটে থাকা বাংলাদেশের পতাকায় আমার চুমু খাওয়ার দৃশ্যটি ও খুব পছন্দ করেছে। এই সেঞ্চুরি তোমার জন্যই, আমার ছোট্ট রাজকন্যা। আশা করি সামনের দিনগুলোতে তোমাকে এমন আরও অনেক সেঞ্চুরি উপহার দিতে পারব।’

সে রকম একটা দিন চলে এল আজই। আনায়রার তৃতীয় জন্মদিনে লিটন শুধু বাবা হিসেবে তাকে উপহারই দেননি, উপহারের ভাগ পেয়েছে দলও। সেই উপহারের অপূর্ব স্বাদ চেখে দেখেছে গোটা বাংলাদেশ। তবে ‘সামনের দিন’ আরও অনেক বাকি আছে। আনায়রার সামনে তো আরও অনেক জন্মদিন! বাবা লিটনেরও নিশ্চয়ই এমন আরও অনেক উপহার দেওয়ার বাকি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24