কুমিল্লাকে বিভাগ ঘোষণার পাশাপাশি একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। দীর্ঘ ১৭ বছরের কথিত লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে উল্লেখ করে তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র এই শীর্ষ নেতা বলেন, দেশের জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কাজ করছে। দেশ পুনর্গঠন কোনো একক সরকারের পক্ষে সম্ভব নয়, এজন্য সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে যে পরিকল্পনাগুলো জনগণের সামনে উপস্থাপন করা হয়েছিল, ভোটের মাধ্যমে জনগণ তার পক্ষে রায় দিয়েছে।
এ সময় তিনি দাবি করেন, বিএনপির ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান শুরু হয়েছে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সরকারে গেলে তা বাস্তবায়ন করে—যোগ করেন তিনি।