রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতের কাছে তাকে জেলহাজতে রাখার আবেদন জানান।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানান, বিষয়টি শুনানির জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে, রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও কয়েকজন শিক্ষার্থী আরএস ফাহিম চৌধুরীকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে গুলশান থানায় নেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় সুবাস্তু মার্কেটের সামনে বিপুলসংখ্যক ছাত্র-জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়।
এ সময় মো. ইমরান (৩০) নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দেন এবং গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি হিসেবে আরএস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।