দেশে ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে বৃহস্পতিবার এ নোটিশ পাঠান লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনক নেতিবাচক প্রভাব ফেলছে। এসব প্ল্যাটফর্মে আসক্তি, সহিংসতা, ভুয়া তথ্য ও পর্নোগ্রাফির সহজলভ্যতা তাদের মানসিক ও শারীরিক বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলছে।
এতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারে শিশু-কিশোররা খেলাধুলা ও পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পাশাপাশি অনলাইন গেম ও পর্নোগ্রাফিতে আসক্তিও বাড়ছে বলে দাবি করা হয়েছে।
নোটিশে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক অভিভাবক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। তাই আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।