যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাংবাদিকদের সংগঠনের আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে একটি অভিজাত হোটেলে এ ঘটনা ঘটে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাবার টেবিলে বসে ছিলেন। এ সময় অনুষ্ঠানস্থলে বিকট শব্দ শোনা গেলে তার নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে ঘিরে ফেলে এবং নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প-কেও মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। তারা দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে কিছু গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এক কর্মকর্তা বার্তাসংস্থাকে বলেন, একজন বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি চালায়।
ঘটনার পর কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে।
পরে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যমে এক বার্তায় নিরাপত্তা বাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, তারা দ্রুত এবং সাহসিকতার সঙ্গে কাজ করেছে।
সূত্র: আল জাজিরা