শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

উৎপাদন শুরু করলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

  • সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১.০০ এএম
  • ২ জন
সংগ্রহীত ছবি

প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি চালু করা হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লার পাইপ ফেটে যাওয়ার কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। দ্রুত মেরামত শেষে ৪৬ ঘণ্টা পর পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২নং ইউনিট কবে চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ৩নং ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এবং ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। ১নং ইউনিটটিও গত বছরের ৩০ ডিসেম্বর বন্ধ হয়ে ১৪ জানুয়ারি পুনরায় চালু হয়েছিল, তবে সাম্প্রতিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায়।

২০০৬ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রটিতে প্রথমে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট চালু করা হয়। পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যুক্ত হওয়ায় মোট উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট। তবে নানা যান্ত্রিক জটিলতায় এখনো পর্যন্ত কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারেনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24