রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে তা সাময়িকভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ায় রূপ নিতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য, যা ‘ট্রেস’ হিসেবে রেকর্ড করা হয়েছে।