ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে দেশে ছুটিতে থাকা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা অনেক কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলো কয়েকটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
এতে আরও বলা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে অনলাইনেও আবেদন করা যাবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেসব ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।