বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ইরানে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহত ৫০০ ছাড়াল

  • সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৯.২৪ এএম
  • ১৩৬ জন

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)”। রোববার (১১ জানুয়ারি) সংস্থাটি এই তথ্য প্রকাশ করে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে। তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এই পরিস্থিতি সামনে আসে এমন এক সময়ে, যখন বিক্ষোভকারীদের পক্ষে দাঁড়িয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

২০২২ সালের পর এটিই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। এতে করে দেশটির শাসকগোষ্ঠী নতুন করে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।

ইরান সরকার অভিযোগ করেছে, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইন্ধন জোগাচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইন্টারনেট বন্ধের কারণে। গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির ভেতরের প্রকৃত অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ইরানে চলমান এই অস্থিরতা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com