নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলা সদরের বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও একজন যাত্রীর মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।