| মোঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কবরস্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে এ অভিযান চালানো হয়।
কবরস্থান থেকে দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব আরো জানায়, স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে কবরস্থানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কবরস্থানের পশ্চিম-দক্ষিণ সীমানার কোণায় একটি সন্দেহজনক কাপড়ের বাজারের ব্যাগ দেখতে পায় র্যাব সদস্যরা। পরে ব্যাগটি খুলে তল্লাশি করলে ভেতর থেকে দেশি তৈরি একটি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কোনো দুর্বৃত্তচক্র গোপনে অস্ত্রগুলো সেখানে মজুদ করে রেখেছিল, যা ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। জনবসতিপূর্ণ এলাকার পাশে এমন স্পর্শকাতর স্থানে অস্ত্র মজুদের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তীতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।