রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

আজ থেকে টানা ভারি বৃষ্টির আভাস

  • সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০.১০ এএম
  • ৩৫ জন

টানা তাপপ্রবাহের মধ্যেই আজ রোববার দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী পাঁচ দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এই বৃষ্টির প্রবণতা বেড়ে ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৮, রংপুরে ১৭, কুড়িগ্রামের রাজারহাট ১০ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮, সিলেটে ৬, নেত্রকোনায় ৪ এবং নীলফামারীর সৈয়দপুরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া গতকালও খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায় এবং তা আজ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

গতকাল রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, রোববার থেকে আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এতে বৃষ্টির প্রবণতা বেড়ে খুলনা বিভাগ ছাড়া সারা দেশের অন্যান্য স্থানে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। এছাড়া আজ সন্ধ্যা নাগাদ ঢাকায়ও বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই ধারা আগামী পাঁচ দিন চলতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, গত সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকলেও আজ রোববার থেকে বৃষ্টির প্রবণতায় তাপমাত্রা কমতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এদিকে আগের কয়েক দিনের তুলনায় সারা দেশে তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ধীরে ধীরে কমছে। গত বুধবার ২৭ জেলায়, গত বৃহস্পতিবার ২০ জেলায়, শুক্রবার ২১ জেলায় এবং গতকাল ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে কমতে পারে তাপপ্রবাহের তীব্রতাও।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে বলেন, তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ধীরে ধীরে কমে আসছে। আজ রোববার আরো কমতে পারে। এরপর সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে তাপপ্রবাহ বয়ে গেলেও বিগত ২০২৩ ও ২০২৪ সালের মতো এবার টানা তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে। ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24