রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে পথচারীকে বাঁচাতে গিয়ে ‘ভূইয়া পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এয়ারপোর্টমুখী বাসটি রাস্তা পার হওয়া এক পথচারীকে বাঁচাতে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা সড়কের সৌন্দর্যবর্ধন কাজে নিয়োজিত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।