শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

হামে মৃত্যু দেড়শ ছাড়াল

  • সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮.৫৬ এএম
  • ২৮ জন

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১৫৯ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ চিত্র উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৫৯৯ জন, যার মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন।

বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ বিভাগে এ পর্যন্ত মোট ৬৬ জন (৯ জন নিশ্চিত ও ৫৭ জন সন্দেহজনক) মারা গেছেন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে মারা গেছেন ৬৩ জন (নিশ্চিত দুজন ও সন্দেহজনক ৬১)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৩ জন, বরিশাল ও খুলনায় সাতজন করে, ময়মনসিংহে দুজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (৭ এপ্রিল সকাল ৮টা থেকে ৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে এক হাজার ২৪৮ জন সন্দেহজনক ও ১৮৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন সাত হাজার ৫৭৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৯৩ জন। তবে এ পর্যন্ত পাঁচ হাজার ২৪১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রামেকে আরো তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ২৩ শিশু এ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

গতকাল বুধবার রাজশাহী মেডিকেল হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন (সাসপেকটেড) উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০ জন রোগী। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবরণ করেছে।

তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। এখন পর্যন্ত এ উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৫২ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com